ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সংকটে তিস্তা নদী ও তিস্তা পাড়ের মানুষ: সমাধানের দাবিতে গঙ্গাচড়ায় গণসমাবেশ


অক্টোবর ২০, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:   রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকায় “সততা সংগঠন” এর আয়োজনে এবং তিস্তা নদী রক্ষা কমিটির বাস্তবায়নে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাওলানা মো. সাজু মিয়া গণসমাবেশের উদ্বোধন করেন।গণসমাবেশে বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে নদী পাড়ের মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

চর বাগডহরা এলাকার প্রধান শিক্ষক মোনায়েম হোসেন বলেন,আমরা তিস্তা মহাপরিকল্পনার বিরোধী নই। তবে মহাপরিকল্পনার নকশা প্রণয়নের আগে তিস্তা পাড়ের মানুষের জীবন-জীবিকার বাস্তবতা বিবেচনা না করলে এ পরিকল্পনা ব্যর্থ হবে।বিশেষ অতিথি ও তিস্তা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক কনক রহমান বলেন, তিস্তার হালচাল সবচেয়ে ভালো বোঝে চরের মানুষ। তাই তাদের পরামর্শ ও অংশগ্রহণ ছাড়া কোনো প্রকল্পই টেকসই হবে না।রংপুর বাপা সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু বলেন, তিস্তা পাড়ের মানুষের স্বার্থ সবার আগে বিবেচনা করতে হবে। মানুষের জীবনধারা ও নদীর অস্তিত্বের মধ্যে ভারসাম্য না থাকলে যেকোনো পরিকল্পনাই জনস্বার্থবিরোধী হয়ে উঠবে।

গণসমাবেশের প্রধান বক্তা ও তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি, বাপা যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, আমরা তিস্তা নদীর সন্তান। আমাদের জীবন ও জীবিকার সঙ্গে এই নদী ওতপ্রোতভাবে জড়িত। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে নদী সংকট ও পাড়ের মানুষের বাস্তবতা মূল্যায়ন করা জরুরি। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে পরিকল্পনা করা হলে তবেই এই মহাপরিকল্পনা সত্যিকার অর্থে স্বার্থক হবে।
সমাবেশে তিস্তা পাড়ের শতাধিক মানুষ উপস্থিত হয়ে নদী রক্ষা ও স্থায়ী সমাধানের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।