

সুমন চন্দ্র দে (কক্সবাজার) জেলা প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলা যুবদলের প্রয়াত নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ মোহাম্মদ আরাফাতের মৃত্যুর পর কমিটি বাণিজ্যকে ঘিরে কক্সবাজার জেলায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ফেসবুক পোস্টে রীতিমতো ঝড় উঠেছে যুবদল অঙ্গনে।সাবেক বিএনপি নেতা ফারুক ইকবাল তার পোস্টে অভিযোগ করেন, মহেশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর সভাপতি পদ পেতে রিয়াদ জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমেদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিনের কাছে ১৫ লাখ টাকা প্রদান করেছিলেন।
জেলা বিএনপি'র নেতা আতা উল্লাহ বোখারীর মাধ্যমে এই অর্থ লেনদেন হয় বলেও তিনি দাবি করেন।ফারুক ইকবালের ভাষ্য অনুযায়ী, রিয়াদকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় যুবদল নেতৃত্ব জেলা কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিয়াদ ঢাকার এক হোটেলে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।তিনি বলেন, “রিয়াদের মৃত্যু স্বাভাবিক নয়। তার পরিবারের প্রতি ন্যায্যতার স্বার্থে নেওয়া টাকাগুলো দ্রুত ফেরত দেওয়া উচিত।”
জেলা যুবদল সভাপতির পাল্টা দাবি-
এ ঘটনায় মুখ খুলেছেন জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল। রবিবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি ফারুক ইকবালের অভিযোগকে “অসত্য ও জঘন্য মিথ্যাচার” বলে দাবি করেন।উজ্জ্বল লিখেছেন, “আতা উল্লাহ বোখারীর মাধ্যমে ১৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রিয়াদ জীবিত অবস্থায়ও আমাকে কখনো বলেনি সে কারও মাধ্যমে টাকা দিয়েছে।”তিনি আরও জানান, “গত বৃহস্পতিবার রিয়াদ আমাদের সঙ্গে ঢাকায় দেখা করেছে এই কথাটিও মিথ্যা। বুধবার কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না ভাইয়ের সঙ্গে দেখা করে রাতেই কক্সবাজার ফিরে আসি। সাধারণ সম্পাদক জিসান ঢাকায় ব্যক্তিগত কাজে ছিলেন, রিয়াদের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে যান।”
কেন্দ্রীয় যুবদল নেতাদের জড়িয়ে গুজব ছড়ানোর অভিযোগও করেন তিনি। বলেন, “যে দিন ফারুক বলছে, সেদিন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ঢাকায় ছিলেনই না; তিনি চরফ্যাশনে অবস্থান করছিলেন। অথচ ফারুক সাহেব পুরো গল্প সাজিয়ে মিথ্যাচার করেছেন।”উজ্জ্বল আরও দাবি করেন, ফারুক ইকবাল নিয়মিতভাবে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভ্রান্তিমূলক পোস্ট করে থাকেন, যা তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলে।
রাজনৈতিক মহলে আলোচনা
রিয়াদের মৃত্যু ও অভিযোগ, পাল্টা অভিযোগে মহেশখালীর রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা। অনেকেই দাবি করছেন, দলীয় কমিটি গঠন ও অর্থ লেনদেনের অভিযোগের বিষয়টি তদন্ত করে স্পষ্ট করা জরুরি, যাতে মরহুম রিয়াদের পরিবারের প্রতি অন্যায় না হয় এবং সংগঠনের ভাবমূর্তিও অক্ষুণ্ণ থাকে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭