ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫

মহেশখালীতে বঙ্গোপসাগরে জলদস্যুদের ডাকাতি বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


অক্টোবর ১২, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি:   মহেশখালী উপজেলার সর্বস্তরের জেলে পরিবারের আয়োজনে বঙ্গোপসাগরে জলদস্যু তান্ডব ও অব্যাহত ডাকাতির প্রতিবাদে মহেশখালীতে বোট মালিক সমিতির প্রধান উপদেষ্টা আতাউল্লাহ বোকারীর নেতৃত্বে জেলেদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।”সাগরে নৌ ডাকাতি বন্ধ চাই, জেলেদের নিরাপত্তা চাই” স্লোগানে ১২ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় গোরকঘাটা বাজার হয়ে মহেশখালী থানা চত্বর প্রদক্ষিণ করে মহেশখালী উপজেলা চত্বরে সমাবেত মানববন্ধন করা হয়। মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় হাজারেরও অধিক জেলে, হাতে বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান উপদেষ্টার বক্তব্যে আতাউল্লাহ বোকারী বলেন, সম্প্রতি বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় জলদস্যুদের তান্ডবে জেলেরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত ট্রলার লুটপাট, জেলেদের ওপর হামলা ও অপহরণের ঘটনা ঘটছে। এ অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়ে নিরীহ জেলেরা জলদস্যুদের কবলে পড়তে হচ্ছে। জলদস্যুদের এতই দাপটে হয়ে গেছে যা সাধারণ জেলে ও ফিশিং ট্রলার মালিকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। জলদস্যুরা স্বশস্ত্র হাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলার ও ট্রলারে থাকা জেলেদের অমানবিক মারধর করে এবং সব কিছু কেড়ে নিয়ে জেলে ও ট্রলার ভাসিয়ে দেয়। এমনকি জেলেদের মেরেও ফেলে এবং ফিশিং ট্রলার ডুবিয়ে দেয়।

বক্তারা আরো বলেন, বঙ্গোপসাগরে জলদস্যু দ্বারা ফিশিং ট্রলার ডাকাতি বন্ধ করে জেলেদের জান-মাল রক্ষা ও নিরাপত্তা জোরদার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও সরকারের প্রতি আহবান জানান।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা বোট মালিক সমিতির প্রধান উপদেষ্টা আতাউল্লাহ বোকারী, উপদেষ্টা সাহাব উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বোট মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জালাল মাঝি, সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আনচারুল করিম, অর্থ সম্পাদক আমান উল্লাহ, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, দেলোয়ার, খাইরুল আমিন, ছৈয়দুল হক সহ সর্বস্থরের জেলে পরিবারের সদস্য ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বোট মালিক সমিতির সদস্যবৃন্দগণ। মানববন্ধন শেষে জেলেদের সাগরে টহল জোরদার ও জলদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবীতে জেলেদের পক্ষ থেকে আনচারুল করিমে স্বাক্ষরিত স্বাক্ষরলিপি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেদায়েত উল্লাহ সহ উপজেলা মৎস অফিসার, মহেশখালী থানার ওসি তদন্ত অপ্রতুল কুমার শীল, মহেশখালী নৌ কন্টিনজেন্ট কমান্ডার সহ ফোজগার্ড কমান্ডার কে প্রদান করা হয়।

এসময় জেলেদের এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সংহতি প্রকাশ করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।