

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।২২ অক্টোবর (বুধবার) সকালে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ হেদায়েত উল্যাহ্।সভায় উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক, মহেশখালী নৌ-কনটিজেন্ট-এর প্রতিনিধি এবং মহেশখালী প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও নাগরিক শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে। মাদক, সন্ত্রাস, জলদস্যুতা ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও সুসংহত হবে।”মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, “অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। যে কোনো তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।”
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মাহাফুজুল হক সভায় বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে স্বাস্থ্যসেবার মানও উন্নত হয়। আমরা জনগণকে সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।”সভায় উপজেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭