ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ভালুকায় বাইরে তালাবদ্ধ করে বসতঘরে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পরিবার


অক্টোবর ২৩, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:   ময়মনসিংহের ভালুকায় বাইরে থেকে তালাবদ্ধ করে এক পরিবারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মিজানুর রহমান সোহাগ পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা সোহাগের টিনশেড বাড়ির মূল গেইট বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের দক্ষিণ পাশে আগুন ধরিয়ে দেয় তারা। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর ধোঁয়া ছড়িয়ে পড়ে।গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ জানান, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে ঘুম ভেঙে দেখি আগুন লেগেছে। বাইরে যেতে গিয়ে দেখি গেইট তালাবদ্ধ। পরে গেইট ভেঙে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে সাহায্য করেন। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি।

তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু এখন পরিবার নিয়ে আতঙ্কে আছি। জানি না কারা এমন কাজ করলো।ঘটনার পরপরই সোহাগ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।