স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে ৬৬ বছর বয়সী এক বৃদ্ধা নারী ধর্ষণের শিকার হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আইয়ুব আলী (৪৫) ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।ঘটনাটি ঘটেছে রবিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের একটি কৃষিজমিতে। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষক ও দুই সন্তানের বাবা আইয়ুব আলী ওই সময় মাঠে ঘাস কাটছিলেন। এ সময় ছাগল আনতে মাঠে যান বৃদ্ধা। সুযোগ বুঝে আইয়ুব জোরপূর্বক তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা সদর হাসপাতাল হয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কানিজ ফাতেমা মনি বলেন,
“বৃদ্ধা নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে রক্তক্ষরণ দেখা গেছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান,
“ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে কথা হয়েছে। অভিযুক্ত আইয়ুব আলী পালিয়ে গেছে, তাকে ধরতে অভিযান চলছে।”
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দীন খন্দকার বলেন,
“বৃদ্ধা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্বজনরা এখনও লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী মামলা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

