

কাজিপুরে প্রতিনিধি: “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” এর অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌপুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে ভোর রাত থেকে শুরু হওয়া অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার (৬ অক্টোবর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত যমুনার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক এবং নৌপুলিশের এসআই সবিজ হোসেন রাজুর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৫০ পিস চায়না জাল এবং ১৫০ ফিট কারেন্ট জাল জব্দ করা হয়। সকাল ১১টা ২০ মিনিটে খুদবান্দি নৌকা ঘাটে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সরকার ঘোষিত “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” চলবে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন। এ সময়ের মধ্যে সারাদেশের নদ-নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন,
“অবৈধ চায়না ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এগুলো নদীর জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। মা ইলিশ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে মোবাইল কোর্ট ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
অন্যদিকে, স্থানীয়রা নৌপুলিশ ও মৎস্য বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “অভিযান চালানোর ফলে নদীতে আবারও দেশীয় মাছ ফিরে আসবে। এতে জেলে পরিবারগুলোও বাঁচবে।”
মৎস্য অধিদপ্তরের নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সারাদেশের নদ-নদীতে একযোগে অভিযান চালানো হচ্ছে। যমুনা, পদ্মা ও মেঘনা নদীকে বিশেষভাবে নজরদারির আওতায় আনা হয়েছে। সরকার জানিয়েছে, মা ইলিশ রক্ষা করা গেলে দেশের মাছ উৎপাদন আরও কয়েকগুণ বৃদ্ধি পাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭