কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছেন। নিহতের নাম মোছাঃ অজেদা খাতুন (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।স্থানীয়রা জানান, অজেদা খাতুনের স্বামী মোঃ বাদশা শেখ (৬৫) একজন বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি। তাদের ছেলে রবিউল আলম (৩৫) জানান, “মা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ৭ অক্টোবর ঢাকায় থেকে বাড়ি ফিরি, কিন্তু মা যেতে রাজি হননি। ৮ অক্টোবর ভোরে রান্নাঘরে তিনি আত্মহত্যা করেন।”
মৃতের বড় ভাই আবদুল খালেদ বলেন, “আমার বোন অনেক দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। সেই সঙ্গে মানসিক অস্থিরতাও বাড়তে থাকে। হয়তো সে কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।”
আজ (৮ অক্টোবর) সকালে অজেদা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ বিষয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সিদ্দিক জানান,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, অজেদা খাতুন ছিলেন সহজ-সরল ও পরোপকারী একজন নারী। পারিবারিক কষ্ট ও মানসিক যন্ত্রণা তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল বলে তাদের ধারণা।

