

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলা প্রশাসকের আয়োজনে আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কিশোর অপরাধ দমনসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় বিশেষ করে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে আরও কড়া নজরদারির নির্দেশনা প্রদান করা হয়।এরপর সকাল ১১টা ৩০ মিনিটে একই স্থানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। পূজা মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের নিয়োজিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিদ্যুৎ সরবরাহের ধারাবাহিকতা, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল এবং পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করে পূজা উপলক্ষে নিজেদের বিভিন্ন দাবি ও করণীয় বিষয় তুলে ধরেন। সভায় জেলা প্রশাসক বলেন, “শারদীয় দুর্গাপূজা পঞ্চগড়সহ সারা দেশে একটি বড় ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সকলের সহযোগিতায় একটি আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭