কাজিপুর উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের চরাঞ্চলে টিসিভি (টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন) ভ্যাকসিনেশন ক্যাম্পেইন–২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক ও কমিউনিটি লিডারদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাটুয়ারপাড়া অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ রাসেল আহমেদ।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি, যা প্রতি বছর বহু মানুষকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে। বিশেষ করে চরাঞ্চল এলাকায় বসবাসরত মানুষ স্বাস্থ্যসেবার দিক থেকে পিছিয়ে থাকায় তারা বেশি ঝুঁকিতে থাকে। তাই টিসিভি ভ্যাকসিন কার্যক্রমকে সফল করতে শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
বক্তারা আরও বলেন, ভ্যাকসিন কার্যক্রম চলাকালে কোনো গুজব বা ভ্রান্ত ধারণা যেন ছড়িয়ে না পড়ে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। চরাঞ্চলসহ প্রতিটি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে অভিভাবক এবং সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে।
এসময় উপস্থিত শিক্ষক ও সুধীজনরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে টিসিভি ভ্যাকসিন কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। তাঁরা সকলে মিলে এ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভা শেষে প্রধান অতিথি ডা. মোঃ রাসেল আহমেদ নাটুয়ারপাড়া ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি ভ্যাকসিনেশন কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ ও আন্তর্জাতিক সংস্থা গ্যাভি যৌথভাবে এ টিসিভি ভ্যাকসিনেশন কর্মসূচি বাস্তবায়ন করছে। আসন্ন ক্যাম্পেইনে উপজেলার প্রতিটি ইউনিয়ন, বিশেষ করে চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এ ভ্যাকসিন প্রদান করা হবে।

