ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

২০ বছর ধরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই — সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার খাসরাজবাড়ি ইউনিয়নে প্রতিবাদ ও মানববন্ধন


আগস্ট ৪, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি:   দীর্ঘ দুই দশক ধরে রাস্তাঘাটের বেহাল দশা, নেই কোনো উন্নয়নের ছোঁয়া—এই বাস্তবতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭নং খাসরাজবাড়ী ইউনিয়নের উত্তর গোদারবাগের জনসাধারণ।আজ সোমবার (৪ আগস্ট) সকালে উত্তর গোদারবাগ বাজারে আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেন শতাধিক স্থানীয় বাসিন্দা। তারা জানান, খাসরাজবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোদারবাগ বাজার থেকে ফকিরপাড়া পর্যন্ত প্রায় ৩ কিঃমিঃ রাস্তাটি গত ২০ বছর ধরে সংস্কারের মুখ দেখেনি। কাঁচা এবং ভাঙাচোরা এই রাস্তায় বর্ষা মৌসুমে হাঁটাচলা করাই দুঃসাধ্য হয়ে পড়ে।

স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক এবং দিনমজুররা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে রোগী পরিবহন, স্কুলগামী শিশু এবং বয়স্ক মানুষদের যাতায়াত হয়ে দাঁড়িয়েছে দুর্বিষহ।মানববন্ধনের আয়োজক “উত্তর গোদারবাগ যুব সংঘ” জানায়, বহু বছর ধরে বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি নির্মাণ এবং পাকাকরণের দাবি জানানো হলেও আজ পর্যন্ত বাস্তব কোনো অগ্রগতি হয়নি। ফলে এলাকার মানুষ নিজেদের উদ্যোগেই আজ রাস্তায় নেমে এসে মানববন্ধনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন—
“আমরা আর উন্নয়ন বঞ্চিত থাকতে চাই না। নতুন রাস্তা নির্মাণ এবং অবিলম্বে রাস্তাটি পাকা করতে হবে। না হলে আমরা আগামীতে আরও বড় আন্দোলনে যাব।”এই মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশাবাদী, দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।