সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ডিগ্রি দোরতা উচ্চ বিদ্যালয়ের মাঠের অর্ধেক অংশ ইতোমধ্যে নদীতে ভেঙে গেছে।এছাড়াও নদীর কাছাকাছি অবস্থিত উত্তর ডিগ্রি দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইউনিয়ন পরিষদ ভবন, ক্লিনিক বাজারসহ শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি ঝুঁকির মুখে রয়েছে।
ডিগ্রী দোরতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন,“ বিদ্যালয়ের মাঠের অর্ধেক অংশ নদীতে ভেঙে গেছে, আর বাকি অংশও এখন ঝুঁকির মধ্যে রয়েছে। নদীর পানি আরও বৃদ্ধি পেলে পুরো স্কুলই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।”এক শিক্ষার্থী জানান,“মাঠ ভেঙে যাওয়ায় আমরা খেলাধুলা করতে পারি না, এবং পড়াশোনায় মন বসে না। ভয় পাওয়ার জন্যেই স্কুলে আসা কঠিন হয়ে গেছে।”
অভিভাবকরা বলছেন, “কবরস্থান, মসজিদসহ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে। যদি দ্রুত স্থায়ী বাঁধ না তৈরি করা হয়, তাহলে আমাদের অতীত ও ভবিষ্যৎ উভয়ই হারিয়ে যাবে।”বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধের চেষ্টা করছে, তবে এলাকাবাসী এটিকে যথেষ্ট মনে করছেন না।স্থানীয়রা দাবি করছেন, “অর্ধেক মাঠ ভেঙে গেছে, বাকি অংশও ঝুঁকির মধ্যে। পানি বাড়লে ভয়াবহ বিপদ আসবে। এখনই স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি।”সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের আবেদন—
দ্রুত পদক্ষেপ নিয়ে নিশ্চিন্তপুরের মানুষকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে।

