

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী আজ সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাব্বির হোসেনের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে তিনি তাঁর নির্বাচনী এলাকা নিকলী ও বাজিতপুরের নদীভাঙন রোধে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানান। বিশেষভাবে বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ঘোরাউত্রা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী কাইমেরবালি গ্রামকে রক্ষায় অবিলম্বে বেরিবাঁধ নির্মাণের অনুরোধ জানান।অধ্যাপক রমজান আলী বলেন, “কাইমেরবালি গ্রামের অর্ধেক অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটি মসজিদ ও একটি মন্দির সম্পূর্ণ নদীতে তলিয়ে গেছে।”
গত ২০ আগস্ট তিনি মাইজচর ও বলিয়ারদী ইউনিয়নের ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং মাইজচর ইউনিয়নের কয়েকটি গ্রাম, বলিয়ারদীর বোয়ালী, শিবপুর ও কাইমেরবালি গ্রামে গণসংযোগের সময় স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন। এ সময় তিনি সমস্যাগুলোর সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।
জেলা আমীর আরও বলেন, বাজিতপুর ও নিকলীর অন্যান্য নদীভাঙন এলাকা রক্ষায় প্রটেকশন ওয়াল ও বেরিবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি কিশোরগঞ্জের ইটনা, মিটামইন ও অষ্টগ্রামসহ ভাটি অঞ্চলের নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।পানি সম্পদ সচিব মোঃ মোকাব্বির হোসেন জেলা আমীরের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সম্ভাব্য উপায়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭