কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: খুব শিগগিরই তুরস্কের আদলে দৃষ্টিনন্দন ১০ তলা ভবন নির্মাণ করা হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ইসলামিক কমপ্লেক্সে বহুমুখী কার্যক্রম পরিচালিত হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাগলা মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে সকাল ৯টায় সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন তিনি।
পরে মাজার ও মসজিদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “মাজারে কিছু হামলা হয়েছে, রিপোর্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে। হামলাকারীদের চিহ্নিত করতে মাজার ও মসজিদে সিসি ক্যামেরা বসাতে হবে। প্রতিটি মাজারে পুলিশ নিয়োগ সম্ভব নয়, তাই সামাজিক সচেতনতা জরুরি। সবাইকে এগিয়ে এসে এসব ধর্মীয় স্থাপনা রক্ষা করতে হবে।”ধর্ম উপদেষ্টা আরও বলেন, “সুনির্দিষ্ট মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে।”

