

উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় নিরাপদ খাদ্য আইনে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ভেজাল, অনিবন্ধিত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোষণা করা হয়।
অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পশ্চিমপাড়া এলাকায় অনিবন্ধিত অবস্থায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে সাদিয়া ফুড প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ভেজাল শিশু খাদ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।কটিয়াদী সরকারি কলেজের সামনে অবস্থিত মাহি ফুড প্রোডাক্টসকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অননুমোদিত রঙ ব্যবহারের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই উপজেলার কটিয়াদী বাজারের সুমন বেকারিকে নিবন্ধন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভৈরব উপজেলার ফাড়ি রঘুনাথপুর ও আলুকান্দা এলাকায় মো. লিটন মিয়াকে অনিবন্ধিত অবস্থায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত ভেজাল খাদ্য ধ্বংস করা হয়।দুর্জয় মোড়ে অবস্থিত আল আজিজিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কিশোরগঞ্জ জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক জনাব আরিফুল ইসলাম বলেন, “মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭