

খান রমিম: পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাবনা-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ভিপি শামসুর রহমান বলেছেন, ৭১ সাল বাদ দিয়ে দেশের ইতিহাস সৃষ্টি করা যায় না। তেমনি জিয়াউর রহমানকে বাদ দিয়ে দেশের ইতিহাস লেখা সম্ভব নয়। তাঁরই সুযোগ্য সন্তান তারেক রহমানের বিরুদ্ধে একটি মহল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে।
ওসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আগামীতে তারেক জিয়ার নেতৃত্বেই দিল্লি ও পিন্ডির হাড় ভেঙে দেওয়া হবে।বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বেড়ার সিএন্ডবি মোড়ে আয়োজিত তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটূক্তির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। বিভিন্নভাবে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিএনপির তৃণমূলের ত্যাগী কর্মীদের নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এখন আর বসে থাকার সময় নেই। দিন কিন্তু ফুরিয়ে আসছে।
আগামী নির্বাচনে যদি আমাকে দলীয় প্রতীক ধানের শীষ দেওয়া হয়, তাহলে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে এলাকাকে রোল মডেলে পরিণত করা হবে ইনশাআল্লাহ। অবহেলিত সাঁথিয়াকে উন্নয়নের আওতায় আনা হবে।এর আগে স্বৈরাচার শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল আনন্দ র্যালির আয়োজন করা হয়। বেড়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বেড়া বাজার পদক্ষিণ করে বেড়া সিএন্ডবি মোড়ে এসে পথসভা হয়। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। ধানের শীষ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে এসে র্যালি ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফজলুল বারী সান্টুর সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসিমুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক দলের সাঁথিয়া সদস্য সচিব লিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম খান, সাবেক ছাত্র নেতা মশিউর রহমান টিপু, অ্যাড. মইনুল হোসেন, ফজলুল হক প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭