কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুল মাল (অর্থ) সম্পাদক মাওলানা ফজলুর রহমান। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫.১৫ মিনিটে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এই দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে শুরু হয়ে গৌরাঙ্গবাজার, আঁখড়াবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদী মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল-আমিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন,জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদের (সরকারকে) ক্ষমতায় বসিয়েছে, তার অন্যতম ছিল—জুলাই-আগস্ট মাসে সারাদেশে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডগুলোর বিচার। কিন্তু দুঃখজনকভাবে সেই বিচার আজও সম্পন্ন হয়নি। জনগণের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া চলবে না। চলতি মাসের মধ্যেই এ বিচার সমাপ্ত করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান। তিনি বলেন,“জুলাই-আগস্ট হত্যাকাণ্ড প্রমাণ করে, নিষিদ্ধ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা দেশে স্থায়ীভাবে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক হক্কানী,খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ উত্তর জোন সভাপতি হাবিবুর রহমান হাবিব,কিশোরগঞ্জ সদর শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী (বাঘা হুজুর),সহ জেলা ও সদর থানার অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শহীদি মসজিদ মোড়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ‘জুলাই-আগস্ট’ গণহত্যায় নিহত শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

