স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার বশিউক রাবার বাগান থেকে মো. হাবিব মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে রাবার বাগানের একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান শ্রমিকরা।নিহত হাবিব মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মো. জামাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা সকালে কাজ শুরু করলে এক পর্যায়ে এক শ্রমিক রাবার গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের পরিবারকে জানানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেন, চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
বশিউক শাহজীবাজার রাবার বাগানের ম্যানেজার নন্দী গোপাল রায় জানান, ঘটনার সময় তিনি অফিসিয়াল কাজে ঢাকায় অবস্থান করছিলেন।এদিকে, নিহত হাবিবের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত না হলেও ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে তাদের ধারণা।তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪