কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহত দুই স্কুলছাত্রী ইরিনা ও প্রিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (জেনারেল রিলিফ) ক্যাশ কর্মসূচির আওতায় তাদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। নিহত ইরিনার বাবা জালাল উদ্দীন ও প্রিয়ার বাবা বাদল মিয়ার হাতে চেক তুলে দেন ইউএনও।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শাহজাহান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত ছাত্রীর পরিবারের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে বজ্রপাতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে।
গত ৬ মে দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামের তিন স্কুলছাত্রী—ইরিনা, প্রিয়া ও বর্ষা—বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল। পথে হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা তাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আহত বর্ষা এখনও চিকিৎসাধীন।
নিহত ইরিনা চরটেকী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে এবং প্রিয়া একই গ্রামের বাদল মিয়ার মেয়ে। তারা দুজনেই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলে।দুই স্কুলছাত্রীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সহায়তা প্রদানের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। অনেকে বলেছেন, এই ধরনের দুর্যোগের ঝুঁকি এড়াতে সচেতনতা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪