কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে যৌথবাহিনীর অভিযানে আটক ফিরোজা খাতুন (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ী থানা হেফাজতে মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফিরোজা খাতুন কটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা মহল্লার চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বপন মিয়ার স্ত্রী।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক হাবিবুল্লাহ খাঁন জানান, বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর একটি বিশেষ দল কটিয়াদী থানা পুলিশের এক নারী ও এক পুরুষ সদস্যকে সঙ্গে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় স্বপন পালিয়ে গেলেও ফিরোজাকে ১১ পিস ইয়াবা, ২২ পুড়িয়া গাঁজা ও নগদ ৩২ হাজার ৬৬৪ টাকা সহ আটক করা হয়। রাত সাড়ে ৩টার দিকে তাকে থানায় আনা হয়।
পরদিন সকাল সাড়ে ৯টার দিকে ফিরোজা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ঈশা খাঁনের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ঈশা খাঁন জানান, ফিরোজাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন এবং কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার কেউ মন্তব্য করতে রাজি হননি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪