রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্টের কাছে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাজশাহী নগরীর হোসেনীগঞ্জ এলাকার মৃত আব্দুল মাসুদের ছেলে জাফর ইকবাল (৪৫), গোদাগাড়ী ঠাকুরযৌবন গ্রামের মুনিরের স্ত্রী সুন্দরী (৬০) ও একই এলাকার আদরী (৩৫)। আহতরা হলেন-সুমি রানী (৪০), সুভেন (৪২) ও ওয়াসিম (৩৫)। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিল।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘অ্যাম্বুলেন্সে করে হার্টের রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। এসময় পথিমধ্যে রাজাবাড়ী চেকপোস্টের কাছে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে ওই অ্যাম্বুলেন্সে থাকা তিনজন নিহত হন।’
তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে শনাক্তের চেষ্টা চলছে।’

