আপন সরদার (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার একটি পরিত্যক্ত হিমাগারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার আব্দুল্লাপুরের চান কোল্ডস্টোরেজ নামের হিমাগারে এ আগুনের ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সাড়ে ৪ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ন নির্বাপন সম্ভব হয়েছে। এরমধ্যে পুড়ে গেছে পরিত্যক্ত হিমাগার ভবনের বিভিন্ন যন্ত্রাংশ। তবে আগুনের সময়ে হিমাগারে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় ও ফায়ারসার্ভিস জানায়, প্রায় ২০বছর ধরে হিমাগারটি পরিত্যক্ত অবস্থায় ছিলো। বর্তমানে বিক্রি করে দেওয়া হিমাগারের যন্ত্রাংশ খুলার কার্যক্রম চলছিলো। দিনের বেলা কাজ শেষ করে শ্রমিকরা চলে গেলে রাত ৯টার দিকে হঠাৎ হিমাগারের ভবন থেকে ধোয়া ও আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নির্বাপনের কাজ শুরু করে। এর মধ্যে আগুন ছড়িয়ে পরে। তবে ব্যাপক ধোয়া থাকায় ভবনের ভিতর প্রবেশের সম্ভব না হওয়ায় নিয়ন্ত্রণ করা গেলোও পুরোপুরি আগুন নির্বাপনে চ্যালেঞ্জ তৈরি হয়। পরে ভবনের একাধিক পয়েন্টে দেওয়াল কেটে রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।এবিষয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যন্ত্রাংশ খুলে নেওয়ার সময় অসাবধনতাবশত কোন ফুলকি থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে। ব্যাপক পরিমানে ধোয়া ও ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় সহজে আগুন পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি। পরে ৩টি অংশের দেওয়াল ভেঙে ভিতর পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে বিস্তারিত পরে ধারণা পাওয়া যাবে।

