ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

ঢাবি সিন্ডিকেট কর্তৃক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগে রাবিতে বিক্ষোভ মিছিল।


মার্চ ৫, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি:   ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক সিন্ডিকেট তৈরি করে দেশের সব সেক্টরে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘ ঢাকা না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড় ঢাবি ভক্তি’, সিন্ডিকেট নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’, ‘ঢাবিজম নিপাত যাক’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’ সহ বিভিন্ন অঞ্চল ভিত্তিক স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে তা চরম বৈষম্যের। সারাদেশকে বঞ্চিত করে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমতা কুক্ষিগত করা আমাদের বিপ্লবের মান্ডেড বিরোধী। অতিদ্রুত আপনারা এ সিন্ডিকেটের অবসান ঘটান এবং দেশের সকল জায়গায় ক্ষমতা সুষ্ঠু বণ্টন করেন, নাহলে পূণরায় জনতা মাঠে নামতে বাধ্য হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘৫ আগস্টের পর আমরা বৈষম্যহীন, সকলের অংশীদারিত্বমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করেছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষা উপদেষ্টা নিয়োগের ঘোষণা দেওয়ার এক ঘন্টা পর ঢাবি সিন্ডিকেট তা বদলিয়ে নিজেদের একজন নিযুক্ত করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা, পিএসসি-ইউজিসি মেম্বারসহ সংস্কার কমিশনগুলোতে অবস্থান দেওয়া হয়নি। শুধু রাবি বা রাজশাহী নয়, বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতেও একই অবস্থা। কেবল ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। আমরা এ সিন্ডিকেটের অবসান চাই।উক্ত বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশ শেষে, ঢাবি কেন্দ্রীক সকল কিছু নিয়োগ এর বিরুদ্ধে আগামীকাল সকাল ১১ টার সময় ঢাকা-রাজশাহীর রেলপথ অবরোধ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।