ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ফজলুর রশীদ খানের (এফ আর খান) মৃত্যুতে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৯ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টার সময় ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এই শোকসভায় মরহুমের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানসহ অনুষদের প্রাক্তন অধিকর্তা ও অনুষদভুক্ত বিভাগসূহের বর্তমান ও প্রাক্তন বিশিষ্ট শিক্ষকবৃন্দ। সভায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রফেসর খান ১৯৬৯ সালে রাবি সমাজবিজ্ঞান বিভাগে তৎকালীন রিডার (বর্তমানে সহযোগী অধ্যাপক) হিসেবে যোগ দেন ও ১৯৭৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি ২০০৫ সালে অবসরগ্রহণ করেন। রাবিতে যোগদানের আগে কয়েক বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেন।রাবিতে কর্মজীবনে তিনি কলা এবং সমাাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের সভাপতি, শেরে বাংলা এ কে ফজলুল হক হলের প্রাধ্যক্ষ, রাবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে অতিথি শিক্ষক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র ফেলোর দায়িত্বও পালন করেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি স্টাডিজ জার্নালের প্রধান সম্পাদক ও সম্পাদকমণ্ডলীর সদস্যও ছিলেন। এছাড়া বাংলাদেশ সমাজবিজ্ঞান সমিতির সহ-সভাপতি ও রাবি শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন। সমাজবিজ্ঞান বিষয়ে তাঁর তিনটি গ্রন্থ ও পনেরটি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন।উল্লেখ্য, প্রফেসর খান ২১ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুরে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মিসিগান বিশ্ববিদ্যালয় থেকে জনসংখ্যাতত্ত্ব বিষয়সহ সমাজবিজ্ঞানে এমএ ডিগ্রি এবং ১৯৭৭ সালে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

