মনোরঞ্জন রায় (পঞ্চগড় জেলা) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ সাবেত আলী। গত শনিবার (১২-অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আবু সাঈদ, আটোয়ারীর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাফিউল মাজলুবিন রহমান তাঁর সঙ্গে ছিলেন। জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ এবং শুক্রবার পঞ্চগড় সদর উপজেলার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক বলেন, "ঐতিহ্যগতভাবে এদেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই এদেশের নাগরিক। সবার অধিকার আছে নিজ নিজ ধর্ম পালন করার। উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আগামীতেও এ-ধারা অব্যাহত থাকবে।" অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এবার পঞ্চগড় জেলার ২৯৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপসমূহে সিসি ক্যামেরা, আনসার সদস্য ও গ্রামপুলিশ ছাড়াও মণ্ডপ কমিটির স্বেচ্ছাসেবকসহ কয়েক ধরনের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বোলে জানান তিনি।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪